মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের গ্রাহকদের পিছু ছাড়ছে না ভূতুড়ে বিল। সংযোগ বিচ্ছিন্ন থাকলেও বিল আসছে এক থেকে দের হাজার টাকা। এনিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলার পৌর সদরের আলহাজ ছালেহ উদ্দীন হাওলাদার জানান, তিন মাস আগে পল্লী বিদ্যুত্ অফিসের এজিএমের উপস্থিতিতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগস্ট মাসে ঐ মিটারে ন্যূনতম বিল করা হলেও সেপ্টেম্বর মাসের বিল করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
মুলাদী পৌর সদরের জেবুল ম্যানশনের বাসিন্দা শহীদুল ইসলাম সোহাগ জানান, জুলাই ও আগস্ট মাসে তিনি ৪০০ থেকে সাড়ে ৪৫০ টাকা করে বিদ্যুত্ বিল পরিশোধ করেছেন। সেপ্টেম্বর মাসে ৬ হাজার টাকার বিল ধরিয়ে দেন।
চরকমিশনার গ্রামের আব্দুল করিম জানান, মে থেকে জুলাই মাস পর্যন্ত তার বিদ্যুত্ বিল হতো ৩০০ থেকে ৩৫০ টাকা। আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিদ্যুতের বিল করা হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। এ ব্যাপারে মুলাদী পল্লী বিদ্যুত্ অফিসের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, আমার জানা মতে পল্লী বিদ্যুতের কোনো গ্রাহকের ভূতুড়ে বিল তৈরি করা হয় না কিংবা বিনা কারণে কারো মিটার খুলে নেওয়া হয় না।