বরিশাল অফিস
বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ, প্রয়োজনীয় নীতিমালা তৈরি করে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদান এবং পুলিশের হাতে জব্দকৃত প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্যাটারি ও মোটর ফিরিয়ে দেয়ার দাবিতে বরিশালে আজ বুধবার থেকে আমরণ অনশনে যাচ্ছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক-মালিকরা।
সকাল ১০টা থেকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে শুরু হবে আমরণ অনশন। অগ্রভাগে থেকে কর্মসূচির নেতৃত্ব দেয়ার কথা জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা ও জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
কর্মসূচি উপলক্ষ্যে এক যুক্ত বিবৃতিতে জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মহানগর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা রুস্তম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি শাহজাহান মিস্ত্রি শ্রমিকদের আমরণ অনশন সফল করার জন্য বরিশালের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।