হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট-যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনজিত্ মজুমদার জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে আজ বুধবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে পত্র দিয়ে জানানো হয়েছে। আগামী ১২ অক্টোবর পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নূর আমীন বলেন, ভারতের ব্যবসায়ীরা ১০ দিন বন্ধের সিদ্ধান্ত নিলেও শুধু পূজার দশমির দিন (সরকারি ছুটি) কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজকর্ম চলবে। আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই।