নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার র্যালি ও সভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ঝালকাঠি:জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে তার কার্যালয় চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলামসহ বিভিন্ন পেশার প্রবীণ নারী ও পুরুষরা অংশ নেন। পরে সানাই কমিউনিটি সেন্টারে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

জয়পুরহাট: জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তন থেকে প্রবীণদের র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হয়। এখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান।

নেত্রকোনা: জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার আকবর আলী মুনসী প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ): প্রবীণ হিতৈষী সংঘ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে সংঘের সভাপতি অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।

বিরামপুর (দিনাজপুর): রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) বিরামপুর উপজেলার শতাধিক প্রবীণের মাঝে খাদ্য বিতরণ, র্যালি ও আলোচনা সভা করেছে।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এসব কর্মসূচিতে রিক’র সহকারী এরিয়া ম্যানেজার মঞ্জুরুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।

বড়াইগ্রাম (নাটোর): উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগ ঢাকামোড় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দছিম উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।