সংবাদ সংক্ষেপ

দুমকিতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা দুমকিতে নির্মাণাধীন ভবনের দেয়ালে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে স্পৃষ্ট হয়ে রিয়াদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অসম্মতি থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।

শৈলকুপায় ছয় জুয়াড়ি গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝাউদিয়া গ্রামের মন্টু শেখ, সাজ্জাদ শেখ ও মিরাজ আলি, মিন গ্রামের রতন জোয়াদ্দার, কবিরপুর গ্রামের বাবুল বিশ্বাস ও আগুনিয়াপাড়া গ্রামের দিদার হোসেন।শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার ৯০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে মঙ্গলবার কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলার হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাইয়ে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, ইপিআই টেকনিশিয়ান খবির আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আহমেদ প্রমুখ।

কর্মহীনদের মধ্যে রিকশা বিতরণ

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা দেবিদ্বারে প্রায় ১৫ জন কর্মহীন বেকার ও দুস্থ অসহায়ের মধ্যে রিকশা বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা চত্বরে দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত থেকে এ রিকশা বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাছান প্রমুখ।

বাল্যবিবাহ কারণ ও প্রতিকার বিষয়ক গোলটেবিল বৈঠক

ভোলা প্রতিনিধি ভোলায় বাল্যবিবাহর কারণ ও প্রতিকার বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ  বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহামুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক প্রমুখ।

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এ উপলক্ষ্যে ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূঁইয়া।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ছাত্রী

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। সোমবার রাতে উপজেলার চরকুড়া গ্রামে এ বিয়ে বন্ধ করা হয়। এ ঘটনায় বর জাকারিয়া হোসেনকে (১৯) জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত জানান, সলঙ্গা থানার চড়িয়াশিখা মাঠপাড়া এলাকার আবু সাইদের ছেলে জাকারিয়ার সাথে কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মেয়ের বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

০