আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রবীণদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, প্রবীণরা সমাজ ও পরিবারের বোঝা নয়. তারা সমাজ ও পরিবারের সম্পদ। রাষ্ট্র, সমাজ ও পরিবারে রয়েছে প্রবীণদের অমূল্য অবদান। তাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও কর্মময়তা সবসময়ের জন্য প্রাসঙ্গিক। তারপরেও সব দেশে সব সমাজের প্রবীণদের প্রতি রয়েছে এক ধরনের সামাজিক অবহেলা। তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসা জরুরি। গতকাল মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে বারসিক ও সমাজসেবা কার্যালয়-৬ মোহাম্মদপুর শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘বয়সের সমতার পথে যাত্রা’।
কৃষকনেতা জামাল হায়দার মুকুলের সভাপতিত্বে ও ফেরদৌস আহমেদের সঞ্চালনায় শোভাযাত্রার পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়, মোহাম্মদপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে এম শহিদুজ্জামান, জাপান গার্ডেন মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বারসিকের সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, পরিচালক সৈয়দ আলী বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের সমাজের প্রবীণ জনগোষ্ঠী প্রায়ই লোকচক্ষুর আড়ালে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। অথচ বাংলাদেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এই প্রবীণ জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন খুব জরুরি।
উল্লেখ্য, প্রবীণদের প্রতি অবহেলাকে বিবেচনা করে এই সমস্যা থেকে উত্তোরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে ১৯৯০ সালে ১লা অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস ঘোষণা করা হয়। যা ১৯৯১ সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন স্থানীয় জনগণসহ সুশীল সমাজের ব্যক্তিরা। সচেতনতামূলক বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মোহাম্মদপুর পাওনিয়ার হাউজিং সোসাইটির নিম্নআয়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন এনজিও ও সংগঠনের কর্মকর্তারা।