৪১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ইত্তেফাক রিপোর্ট

দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত মাসে ৪১ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ৮৪ বাংলাদেশিকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দ মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ পিস ইয়াবা, ৩৩ হাজার ১৭৭ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৭৯৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৫৫ ক্যান বিয়ার, ৫৩২ কেজি গাঁজা, ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ১৮ হাজার ২৯৮টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার ৯৪১টি ইনজেকশন ও ১ লাখ ৫৬ হাজার ১০১টি অন্যান্য ট্যাবলেট। অন্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৮২০ গ্রাম স্বর্ণ, ৯ কেজি রূপা, ৯ হাজার ৫১টি ইমিটেশন গহনা, ৫১ হাজার ৯৪০টি প্রসাধনসামগ্রী, ২ হাজার ২৩১টি শাড়ি, ৯৪০টি থ্রিপিস/ শার্টপিস, ১ হাজার ৪৭০টি তৈরি পোশাক, ৩টি পিতলের মূর্তি, ৯ হাজার ২৪৫ ঘনফুট ও ৪ হাজার ৯৩০ ফুট কাঠ, ১২ হাজার ৬৪১ কেজি চা পাতা, ১৪টি ট্রাক, চারটি পিকআপ, দুইটি প্রাইভেটকার, ১১টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৪৭টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, চারটি বন্দুক ও সাত রাউন্ড গুলি।