কক্সবাজার প্রতিনিধি
পর্যটনে আবাসন ও আতিথেয়তা সেবায় সফলতার স্বীকৃতিস্বরূপ দক্ষিণ এশিয়ার প্রায় ৭০০ হোটেলকে পেছনে ফেলে ‘লিডিং বিচ রিসোর্ট’ পুরস্কারে ভূষিত হয়েছে কক্সবাজারের তারকা হোটেল সায়মন বিচ রিসোর্ট। শ্রীলঙ্কার গালিতে আয়োজিত ‘দক্ষিণ এশিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডের (এসএটিএ) চূড়ান্ত পর্বে ২০১৯ সালে ‘লিডিং বিচ রিসোর্ট’ হিসেবে স্বীকৃতি পায় হোটেলটি। শ্রীলঙ্কার গালির আমারি হোটেলে গত ২০ সেপ্টেম্বর চূড়ান্ত পর্বে ফলাফল ঘোষণার পর হোটেলের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব রহমান।
সূত্র জানায়, দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, নেপাল ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মযজ্ঞ নিয়ে সেরা সেবা প্রতিষ্ঠান নির্ণয়ে ‘দক্ষিণ এশিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডের আয়োজন হয়ে আসছে ২০১৬ সাল থেকে। ২০১৯ সালে উল্লেখিত দেশ থেকে প্রায় ৭০০ হোটেল-মোটেল প্রতিযোগিতায় অংশ নেয়। সতর্কতা ও কঠোর গোপনীয়তার সঙ্গে সব হোটেলের পুরো বছরের সেবা ও অন্যান্য কার্যক্রম যাচাই-বাছাই করা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য হোটেলগুলোকে পেছনে ফেলে কক্সবাজার সাগরতীরের বুকে দাঁড়ানো ‘সায়মন বিচ রিসোর্ট’ এবারের অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছে।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে সায়মন বিচ রিসোর্টের এমডি মাহবুব রহমান বলেন, ১৯৬৪ সাল থেকে সায়মন কক্সবাজারের পর্যটনের আতিথেয়তা সেবায় একটি বিশ্বস্ত ব্রান্ড। শহরের ভেতর পুরোনো হোটেলটি ছাড়াও ২০১৫ সালে কলাতলী বিচের বালিয়াড়ির কিনার ঘেঁষে সায়মন বিচ রিসোর্ট পর্যটন সেবায় আত্মনিয়োগ করে।