ইউক্রেন কেলেঙ্কারি ওয়াটার গেটের চেয়েও ভয়াবহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জে ডাব্লিউ ভেরেট ইউক্রেন কেলেঙ্কারিকে ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ বলে উল্লেখ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলে ওয়াটার গেট কেলেঙ্কারির ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্তে তার ব্যক্তিগত আইনজীবীকে তলব করেছে প্রতিনিধি পরিষদের কমিটি। খবর নিউজ উইক ও বিবিসির

জর্জ ম্যানসন ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ভেরেট          সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমালোচকে পরিণত হয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পক্ষে। সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে ভেরেট বলেন, সাবেক স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের রাশিয়াসংক্রান্ত তদন্ত রিপোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার যথেষ্ট প্রমাণ আছে। আর ইউক্রেন কেলেঙ্কারি আরো বেশি খারাপ। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা আগের চেয়ে দুর্বল হয়েছে উল্লেখ করে ভেরেট বলেন, মানুষ এখন নিক্সনের ওয়াটার গেটের সঙ্গে ইউক্রেন কেলেঙ্কারিকে তুলনা করছেন। কিন্তু এই কেলেঙ্কারি আরো বেশি ভয়াবহ বলে মত দেন ভেরেট।

ব্যক্তিগত আইনজীবীকে তলব

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিউলিয়ানিকে তলব করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার মতো গুরুতর কোনো অপরাধ করেছেন কি না সেই বিষয়ে তদন্ত করছে এই কমিটি। প্রমাণিত হলে তাকে অভিশংসনের উদ্যোগ নেবে ডোমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।