ঘুষখোরদের কোনো আত্মমর্যাদা থাকে না বলে মন্তব্য করেছেন দুর্নীতিদমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক থেকে উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তার বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, যারা মনে করেন ঘুষ খেলে কেউ জানবে না, তারা বোকার স্বর্গে বাস করেন। ঘুষ খেলে তা কোনো না কোনোভাবে প্রকাশ পাবেই। এ সময় তিনি ঘুষ খাওয়া এবং ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান আরো বলেন, দুর্নীতিদমন কমিশনকে একটি স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কর্মকর্তাদের প্রতিটি কাজ হতে হবে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক ও সময়াবদ্ধ। এর বিচ্যুতি ঘটলে কমিশনকে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করা কঠিন। কর্মকর্তাদের কর্মে এ বিষয়গুলোর প্রতিফলন থাকতে হবে। তাই আচার-আচরণ এবং কর্ম সম্পাদনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নিজে পরিবর্তন না হলে, মানুষের মানসিকতা পরিবর্তন করা প্রায় অসম্ভব। তাই প্রতিষ্ঠানের স্বার্থেই নিজেকে নিজেই পরিবর্তন করুন। কর্মকর্তাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। অভ্যন্তরীণ সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা করা অফিসিয়াল আচরণের অন্যতম ভিত্তি।