পিরোজপুরে মন্ত্রীর অভ্যর্থনায় হাতাহাতি গ্রেফতার আট

পিরোজপুর শহর থেকে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার আট জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গত সোমবার সন্ধ্যায় কুমিরমারা ফেরিঘাটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে অভ্যর্থনা জানানোর পর দুই দলের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ডুমরিতলার জুয়েল ফকির ও শহরের শেখ বাড়ি এলাকার সজিব দালাল, কুমারখালীর মনির শিকদার, মরিচালের আলামীন, কৃষ্ণনগরের রাজন, মাছিমপুরের মোস্তফা শেখ, নামাজপুরের জনি ও বলাকা ক্লাব সড়কের রাসেল।

জানা যায়, পিরোজপুর জেলা বাসমালিক সমিতির একাংশের সম্পাদক বাবুল হালদার সোমবার সন্ধ্যায় মন্ত্রীকে স্বাগত জানাতে লোকজনসহ ফেরিঘাটে অবস্থান করছিলেন। এসময় আসামিরা ফেরিঘাটে চাঁদার দাবিতে তাকে মারধর করেন। বাবুল হালদার নিজেকে পিরোজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি দাবি করে ১৮ নামীয় এবং অজ্ঞাত আরো ১০-১৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এদিকে, বাবুল হালদারকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল পিরোজপুর জেলা বাস টার্মিনালে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়। এসময় জেলার বিভিন্ন রুটে এক ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়।