টেকনাফে আটক দুই জন ইয়াবা কারবারি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ গতকাল মঙ্গলবার বলেন, এ ব্যাপারে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি, টেকনাফ মডেল থানার পুলিশের ওসি (তদন্ত) এ বি এম এস দোহার নেতৃত্বে একদল পুলিশ আটক একাধিক মামলার আসামি উত্তর শীলখালীর উলা মিয়ার পুত্র মোহাম্মদ আমিন ও টেকনাফ মৌলভীপাড়ার নুর মোহাম্মদের পুত্র হেলাল উদ্দিন সুমনকে নিয়ে উত্তর শিলখালী সাপমারা পাহাড়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে যায়। এ সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে এসআই সুজিত দে, এএসআই সাইফ ও কনস্টেবল সেকান্দার আহত হন। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে ৫ হাজার ইয়াবা, দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ মো. আমিন ও হেলাল উদ্দিন সুমনকে উদ্ধার করে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়।