রূপপুর পারমাণবিক প্রকল্পে রিঅ্যাক্টরের কাঠামো প্রস্তুত

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণ কাজের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রথম ইউনিটে রিয়্যাক্টর বসানোর জন্য প্রয়োজনীয় কাঠামো স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। কাঠামোটির মূল কাজ হচ্ছে রিয়্যাক্টরকে যথাস্থানে সুদৃঢ়ভাবে ধরে রাখা এবং এর ভার বহন করা। রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রসাটমের প্রকৌশল শাখা এটমস্ট্রয় এক্সপোর্ট প্রণীত নকশা অনুযায়ী কাঠামোটি স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্ট এই প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর।

এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক সের্গেই লাসতচকিন গতকাল জানান, ‘এটি একটি জটিল এবং সূক্ষ্ম কাজ, যেখানে যথাসম্ভব সর্বোচ্চ একিউরেসি প্রয়োজন। আমাদের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ সাইটের সকলের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা নির্ধারিত সময়ের আগেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’ তিনি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে আরো বলেন, ইউনিট ১ এবং ২ -এর নির্মাণকাজ শিডিউল অনুসারেই এগিয়ে যাচ্ছে।’

রুশ নকশা অনুযায়ী নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প। প্রকল্পের দুইটি ইউনিটেই থাকবে ৩+ প্রজন্মের ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর। ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটি ২০২৩ সাল নাগাদ উত্পাদনে যাবে বলে আশা করা হচ্ছে। একই ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট উত্পাদন যাবে ২০২৪ সালে। প্রথম ইউনিটের জন্য রিয়্যাক্টর ২০২০ সালে রাশিয়া থেকে বাংলাদেশে আসবে।