নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টাকারী সাইফুল গ্রেফতার

ফতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মো. মুন্নাকে (৩৫) কুপিয়ে ও এ্যাসিড দিয়ে ঝলসে হত্যার চেষ্টাকারী সাইফুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গত সোমবার সন্ধ্যায় ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই পুলিশ ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ নেতা মুন্নার ভাই শাওন বাদী হয়ে ফতুল্লা থানায় গ্রেফতারকৃত সাইফুলসহ কয়েক জনকে আসামি করে মামলা করেন। আহত মুন্না ফতুল্লা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মেরাজ হোসেনের ছেলে। দাপা এলাকায় তারা বসবাস করে আসছে। এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।