কলেজছাত্রী আত্মহত্যার প্ররোচনাকারীর বিচার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

কলেজছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল রবিবার বিকেলে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলার সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার সর্বস্তরের মানুষ । ওই কলেজ ছাত্রীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলা আমতলা কাজীপাড়া এলাকায়। সে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসি জানায়, পঞ্চগড় সদর উপজেলার আমতলা ডাঙ্গাপাড়া এলাকার জুন্নুন রজভির ছেলে মাজকুরুল হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই কলেজছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর ওই ছাত্রী বিয়ের জন্য মাজকুরুলকে চাপ দিতে থাকলে সে যৌতুক দাবি করে। দরিদ্র ঘরের ওই কলেজছাত্রী যৌতুক দিতে অপরাগতা প্রকাশ করে। মাজকুরুল গত ৬ নভেম্বর ওই কলেজছাত্রীকে বাদ দিয়ে অন্যত্র বিয়ে করে। এ খবর শুনে গত ৮ নভেম্বর ওই কলেজ ছাত্রী নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে মাজকুরুলকে দায়ী করে একটি সুইসাইড নোট লিখে যায় ওই ছাত্রী। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখনো মামলা নথিভুক্ত করা হয়নি।

এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসি রবিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে বিচার চেয়ে একটি গণঅভিযোগ প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা অভিযোগপত্রটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহমদ জানান, ওই কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের আলোকেই পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।