পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। মমতা ব্যানার্জি তা রুখতে পারবেন না। একজন শরণার্থীকেও দেশ ছাড়া করা হবে না। তবে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ ছাড়া করা হবে। আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে, তারপরেই এনআরসি হবে পশ্চিমবঙ্গে। ভবিষ্যতে শরণার্থীরা ভারতের প্রধানমন্ত্রীও হতে পারবেন। মঙ্গলবার কলকাতায় এক জনসভায় একথা বলেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এর পালটা হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে কোনো মতে এনআরসি করতে দেওয়া হবে না।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহ বলেন, মমতা দিদি নিজেই এক সময় অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার কথা বলতেন। এখন ভোটব্যাংকের কথা মাথায় রেখে এনআরসি হতে দিতে চাইছেন না। পাশাপাশি তার অভিযোগ, এনআরসি নিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ভীতি তৈরি করছে। রটানো হচ্ছে হিন্দুদেরও তাড়িয়ে দেওয়া হবে। এর চেয়ে বড়ো মিথ্যা হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, শিখ, জৈন শরণার্থী কাউকে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে না।
অমিত শাহ আরো বলেন, পশ্চিমবঙ্গের সাহায্য ছাড়া লোকসভা নির্বাচনে বিজেপি ৩০০-এর বেশি আসন পেতে পারত না। পাশাপাশি তার দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি।