জুয়ার টাকার যারা ভাগ নিয়েছে তারাও সমান অপরাধী —কাজী ফিরোজ রশীদ

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, যারা ক্যাসিনো এবং জুয়া খেলার মদত দিয়েছেন এবং টাকার ভাগ নিয়েছেন তারাও সমান অপরাধী। এ অপরাধ তো এক দিনে হয়নি। দীর্ঘদিন প্রশাসনের নাকের ডগায় এগুলো চলে আসছিল। এখনো বিভিন্ন বাজার ও মার্কেটে চলছে অবাধ চাঁদাবাজি। জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে চলছে হাজার কোটি টাকার লুটপাট।

গতকাল মঙ্গলবার রাজধানীর টিকাটুলিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্র্রদায়ের সঙ্গে মতবিনিময় ও মন্দিরে অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। কাজী ফিরোজ বলেন, প্রশাসন যদি প্রথম থেকেই এসব বিষয়ে কঠোর মনোভাব দেখাত তাহলে এটা ভয়ংকর রূপ ধারণ করত না, প্রধানমন্ত্রীকে এগুলো নির্মূলে সরাসরি হস্তক্ষেপ করতে হতো না।