জ্যাক শিরাকের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি শিরাকের মৃত্যুতে ঢাকার ফ্রান্সের দূতাবাসে রাখা শোক বইয়ে গতকাল মঙ্গলবার স্বাক্ষর করেন। স্বাক্ষরকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ফ্রান্সসহ সারা বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো।

ড. মোমেন বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যার সময় ফ্রান্সের প্রয়াত এই প্রেসিডেন্ট আমাদের পাশে ছিলেন। তিনি প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শোকসন্তপ্ত পরিবার এবং ফ্রান্সের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।