কক্সবাজার-১: একই আসনে বাবা-মেয়ে প্রার্থী

একাদশ জাতীয় সাংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাবা ও মেয়ে প্রার্থী হয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাফর আলম ও তার মেয়ে স্বতন্ত্র প্রার্থী তানিয়া আফরিন।

রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তানিয়া আফরিন তার মনোনয়ন প্রত্যাহার না করায় জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে সচেতন ভোটারদের ধারণা, ভোটকেন্দ্রে এজেন্ট বৃদ্ধি করতে মেয়েকে ড্যামি প্রার্থী করেছেন জাফর আলম। ওই এজেন্টরা তানিয়া আফরিনের হয়ে এজেন্ট বসলেও কাজ করবেন জাফর আলমের নৌকার প্রতীকের পক্ষে! 

আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম বলেন, চকরিয়া-পেকুয়া আসনে নির্বাচন করতে আমাকে অনুমতি দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন বোর্ড। জোট-মহাজোট যাই হোক আমি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের প্রার্থী পরিচয় দিয়েই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবো। সেই লক্ষ্যে কাজ করে আসছি।

অারো পড়ুন: রামমন্দির নিয়ে বাড়াবাড়ির কারণেই ভোটে পরাজয়: বিজেপি সাংসদ

জানা গেছে, (কক্সবাজার-১) চকরিয়া-পেকুয়া আসনে সংসদ নির্বাচনে লড়তে রাজনৈতিক দলের ব্যানারে ও স্বতন্ত্রসহ আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আলম, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান সাংসদ মো. ইলিয়াছ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা হাজি আবু মো. বশিরুল আলম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (বিএনএ) ফয়সল চৌধুরী, ইসলামী শাসনতন্ত্রের মাওলানা আলী আজগর, স্বতন্ত্র বদিউল আলম ও তানিয়া আফরিন।

ইত্তেফাক/জেডএইচ