বিনোদন রিপোর্ট
বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির দ্ব্বি-বার্ষিক নির্বাচনের বাকি আর ২২ দিন। এরইমধ্যে বিএফডিসি হয়ে উঠেছে উত্সবমুখর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আনাগোনাও বেড়েছে কয়েকগুণ। এদিকে মঙ্গলবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করছেন প্রার্থীরা। এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। আর বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করে মৌসুমী-ডিএ তায়েব প্যানেল।
আজ দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামীকাল বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ অক্টোবর। ওই দিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
জানা গেছে, এবারো মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। অন্যদিকে নতুন প্যানেলে মৌসুমী সভাপতি ও ডিএ তায়েব নির্বাচন করবেন সাধারণ সম্পাদক পদে। দুই প্যানেলের পক্ষ থেকে ২১ জন করে প্রার্থীর জন্য মোট ৬০টি মনোয়নয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়ন সংগ্রহের পর মৌসুমী বলেন, ‘আগামী ২ দিন আমরা নিজেদের প্যানেল গোছাবো। এরপরই জানানো হবে আমাদের প্যানেলে কারা থাকছেন। বিগত ২ বছরে সমিতির যে সদস্যদের বাদ দেওয়া হয়েছে জয়ী হলে তাদের নিয়ে পুনরায় সদস্য করা যায় কি-না খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে যে-ই জয়ী হোক, শিল্পীদের সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করবো।’
জায়েদ খান বলেন, ‘আমাদের বর্তমান কমিটি জয়ী হওয়ার পর কী করেছে সেটা সব শিল্পীই জানেন। তাদের সমর্থন নিয়ে তাই আবারো আমাদের প্যানেল নির্বাচন করছে। শিল্পীদের পাশে আগেও ছিলাম এবারো থাকতে চাই।’
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান এবং বাকি দুই সদস্য হলেন পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন। জানা গেছে, এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯ জন।