বাংলাদেশে বিনিয়োগ করুন

যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

নিজ দেশে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরসঙ্গী বাণিজ্যমন্ত্রীর সম্মানে ‘যুক্তরাষ্ট্র প্রবাসী উত্তরবঙ্গবাসী’ আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ফ্রেশমেডোতে আলী বাবা রেস্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন ‘নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান। বাণিজ্যমন্ত্রী বলেন, নিজের ও দেশ-জাতির উন্নয়ন-অগ্রগতি চাইলে সাহস করে এগিয়ে আসতে হবে, ঘরে বসে শুধু দাবি-দাওয়া জানালে চলবে না। আমাদের জায়গা আমাদেরই করে নিতে হবে। দূরে নয়,দেশের কাছে আসুন, দেশে বিনিয়োগ করুন। সরকার আপনাদের সব সুযোগ করে দেওয়ার পাশাপাশি সমস্যারও সমাধান করে দেবে। এবিএম মিজানুল হাসান ও এম এ মজিদ আকন্দের যৌথ সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা নাসির আলী খান পল ও মাসুদুল হাসান, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল লতিফ, পানি বিশেষজ্ঞ সুফিয়ান এ খন্দকার, আব্দুল আওয়াল সিদ্দিকী, ফাউন্ডেশনের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন তালুকদার, রাজশাহী জেলা সমিতির উপদেষ্টা আজিবর রহমান পাতা, নাটোর জেলা সমিতির সভাপতি আব্দুল খালেক হিরা, গাইবান্ধা সমিতির মোহাম্মদ শাহজাহান, সুলতান আহমেদ, রায়মুল হুদা প্রধান ও জাহাঙ্গীর আলম।