ভুটানকে আজ আরেকবার হারাতে চায় জীবনরা

স্পোর্টস রিপোর্টার

কাতারের বিপক্ষে মাঠে নামার আগে ভুটানকে প্রথম ম্যাচে বড়ো ব্যবধানে (৪-১) হারিয়েছে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ, ভুটানের বিপক্ষে বাংলাদেশের। আজকেও ভুটানকে হারানোর জন্য মরিয়া জামাল ও জীবনরা। আর ভুটান চায় ঘুরে দাঁড়াতে। ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশকে জিততে দেবে না ভুটান। যারা ঢাকায় খেলতে এসেছেন তারা এসএ গেমস ফুটবলের প্রস্তুতি নিচ্ছেন। ভুটানের প্রস্তুতিটা যেন ভালো হয়—সেই পরীক্ষায় পাশ করার জন্য দলের তরুণ ফুটবলাররা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করছেন। ভুটান একটি বিষয় ধরে নিয়েছে তারা যেভাবেই হোক আজ বাংলাদেশকে জিততে দেবে না। আগের ম্যাচে ভুটান ভেজা মাঠে খেলেছিল। দলের অধিনায়ক এবং সিনিয়র ফুটবলার চেনচো বলেছিলেন, এমন বাজে মাঠে খেললে কাতারও হারবে। এই কথা বলে বুঝিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ভালো না হওয়ার কারণে বাংলাদেশ বড়ো ব্যবধানে জয়ের সুযোগ পেয়েছে। আজ বৃষ্টি না হলে মাঠ ভালো থাকবে সেটা ধরে নিচ্ছেন চেনচো। তবে কতটা ভালো করতে পারবেন—তা নিয়ে প্রশ্ন থাকছে।

ফিফা ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ঢাকায় আগামী ১০ অক্টোবর ম্যাচ। কাতারের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ ভুটানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে উইনিং দলটাকে ভাঙতে চাইছেন না দলের ব্রিটিশ কোচ জেমি ডে। কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, ‘কোচ ম্যাচ উইনিং দলটাকে রাখার পক্ষে। খুব বেশি পরিবর্তন হবে না।’ জেমি বললেন, ‘আজকেও আমাদের টার্গেট জয়। প্রথম ম্যাচে যেভাবে খেলেছি আজও সেই পরিকল্পনায় মাঠে নামব। আবহাওয়া যদি ভালো থাকে, আমি মনে করি দল আরো ভালো খেলব।’ ভুটানের কোচ পেমা বলেছেন, ‘আজকে মান রক্ষার ম্যাচ খেলতে হবে। আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২৩। এটা যেহেতু প্রস্তুতি ম্যাচ তাই আমি নতুন কয়েকজনকে দেখব।’ ভুটান কোচ বললেন,‘ ‘বাংলাদেশ লং বল খেলে। আমি আগেও বলেছি জামালের দূর পাল্লার শর্টগুলো বিপজ্জনক। সে বলগুলো বক্সের মধ্যে ফেলছে, আর ফরোয়ার্ডরা গোল করার চেষ্টা করছে।’

মঙ্গলবার দুপুরে অঝোরে বৃষ্টি হয়েছে ঢাকায়। রাস্তাঘাটে পানি, মাঝপথে গাড়ি বন্ধ হয়ে গেছে। ভুটানের ফুটবল তারকা চোনচোর চোখে তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম। একই মাঠে অনুশীলনে নেমে চেনচো বলছিলেন, আবহওয়া যদি ভালো থাকে সেরাটা খেলতে পারব।’ ভুটান টার্ফে ফুটবল খেলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘাসের মাঠে খেলা হয়। আর বৃষ্টি হলে মাঠ শেষ। রোদ উঠুক মাঠ আরো শুকিয়ে যাক। এমন প্রত্যাশায় আজ বাংলাদেশ এবং ভুটান।