নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের দাবি
বিবিসি
অভিবাসন-প্রত্যাশীদের পায়ে গুলি করে তাদের গতি হ্রাস করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের নতুন একটি বইয়ে এমনটি বলা হয়েছে।
‘বর্ডার ওয়ারস: ইনসাইড ট্রাম্পস অ্যাসাল্ট অন ইমিগ্রেশন’ নামের এই বইটি লিখেছেন সাংবাদিক মাইকেল শেয়ার ও জুলি ডেভিস। নাম প্রকাশে অনিচ্ছুক বহু কর্মকর্তার সাক্ষাত্কারের ভিত্তিতে বইটি লিখেছেন তারা। নিউ ইয়র্ক টাইমস বইটি প্রকাশ করেছে। বইয়ে দেওয়া তথ্যের বিষয়ে হোয়াইট হাউজ এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে ট্রাম্প অবশ্য প্রকাশ্যেই বলেছিলেন, যেসব অভিবাসী পাথর ছুড়েন তাদের গুলি করা উচিত।
বইটিতে বলা হয়েছে, চলতি বছর মার্চে সব অভিবাসন বন্ধ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অভিবাসন-প্রত্যাশীদের প্রবেশ থামাতে অনেকগুলো চরম পদ্ধতির প্রস্তাব করেছিলেন ট্রাম্প। বইটিতে দাবি করা হয়, ট্রাম্প সেনাদের ব্যক্তিগতভাবে বলেছিলেন, অভিবাসীদের পায়ে গুলি করে যেন ঠেকানো হয়। তখন তাকে বলা হয়, বিষয়টি বৈধ হবে না। এরপর তিনি সীমান্তে জলাশয় তৈরির প্রস্তাব দেন, যেখানে সাপ কিংবা কুমির থাকবে। বৈদ্যুতিক বেড়া ও কাঁটাযুক্ত দেওয়াল নির্মাণেরও প্রস্তাব দেন তিনি। উল্লেখ্য, মেক্সিকোর সীমান্তে দেওয়াল নির্মাণ ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এরই মধ্যে দেওয়াল নির্মাণে পেন্টাগন তাদের সামরিক বাজেট থেকে তিন দশমিক ছয় বিলিয়ন ডলার মঞ্জুর করেছে।
গত কয়েক বছর ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক অভিবাস-প্রত্যাশীদের সংখ্যা অনেক বেড়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে নারী ও শিশুসহ ২৮৩ জন নিহত হন। চলতি সপ্তাহেই শিশুসহ আরো তিন জন অভিবাসন-প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। এই মৃত্যুর মিছিলের জন্য ট্রাম্পের অভিবাসন নীতিকেই দায়ী করছেন মানবাধিকার কর্মীরা।