বৈঠকের ঘোষণার পরের দিনই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বিবিসি ও রয়টার্স

উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের ধারণা, এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ডুবোজাহাজ থেকে উেক্ষপণ করা হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা শুরু করার ঘোষণা দেওয়ার একদিন পর বুধবার এই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৯১০ কিলোমিটার উচ্চতায় উঠে ৪৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এটি পুকগুকসং বা পোলার স্টার শ্রেণির ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে, যার উন্নয়ন ঘটাতে বেশ কিছুদিন ধরেই কাজ করছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং-ডু পার্লামেন্টারি কমিটিকে জানিয়েছেন, পাকগাকসং বা পোলার স্টার  ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার অন্যতম সামরিক ঘাঁটি ওনসানের আশপাশ থেকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ডুবোজাহাজ থেকে উেক্ষপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। সিউলের জাতীয় নিরাপত্তা পরিষদ এ নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানির নিচের একটি প্ল্যাটফর্ম থেকে উেক্ষপণ করা হয়েছে। এর আগে ২০১৫ সালে প্রাথমিক পর্যায়ে উত্তর কোরিয়া এ ধরনের পরীক্ষা চালিয়েছিল।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ক্ষেপণাস্ত্র উেক্ষপণের নিন্দা জানিয়েছেন। উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের একটি অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে জানিয়ে তিনি বলেছেন, এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণার লঙ্ঘন। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার একদিন পর এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং।