মহাত্মা গান্ধীর আদর্শ ও শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে : শিক্ষামন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মহাত্মা গান্ধী ছিলেন ত্যাগ ও সত্যের পূজারি। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় অহিংস মতবাদ। তাই তার আদর্শ, কর্ম থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে। গতকাল বুধবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে মহাত্মা গান্ধীর জন্মবর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশসহ ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রীভা গাঙ্গুলী দাশ বলেন, ভারতের জাতির পিতার আবির্ভাবের ১৫০তম বর্ষে তাকে স্মরণ করছে সমগ্র ভারতবাসী। অবিচার-অনাচারের বিরুদ্ধে মহাত্মা গান্ধী অনুপ্রেরণা। তিনি রাজনীতির বাইরে পরিবেশের জন্য অনেক কাজ করে গেছেন, লিখে গেছেন।

অনুষ্ঠানে ঢাকার দিল্লী পাবলিক স্কুল, এস এফ এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ও বাংলাদেশ স্কাউট সদস্যরা অংশ নেয়। তারা মহাত্মা গান্ধীর বিভিন্ন আদর্শ এবং কীভাবে এই আদর্শ তাদের অনুপ্রাণিত করেছে সে বিষয়ে বক্তব্য দেয়।

ভারত সরকারের মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, বিশ্বের ১২৪টিরও বেশি দেশের শিল্পীরা তার প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গেয়ে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেন। গান্ধীজির প্রিয় ভজন পরিবেশনার স্বীকৃতিস্বরূপ হাইকমিশনার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ বইটি উপহার দেন।  অনুষ্ঠানে শর্মিলা ব্যানার্জী ও তার দল সংগীত পরিবেশনার মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।