সহায়তা নেওয়া হবে সফটওয়্যারের
g ইত্তেফাক রিপোর্ট
এখন থেকে যে কোনো নির্বাচনে ভোটগ্রহণ শেষের এক ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেহেতু আগামীর নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে, সেহেতু ফলাফলও দ্রুত প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে ইসিতে। এ লক্ষ্যে আসন্ন রংপুর-৩ আসনের উপনির্বাচনেও ভোটগ্রহণ শেষের এক ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে রংপুর-৩ আসনের ভোটগ্রহণ হবে। আর সন্ধ্যা ৬টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। এছাড়া এবার হাতে লিখে ফলাফল তৈরি করলে হবে না, এক্ষেত্রে ব্যবহার করতে হবে রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস)। এজন্য এ উপনির্বাচনেও সফটওয়্যারভিত্তিক বার্তাশিট তৈরির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিগত সংসদ নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছিলেন, এক ঘণ্টার মধ্যেই এ মেশিনে ফলাফল প্রকাশ করা যাবে। কিন্তু নির্বাচন শেষে দেখা যায়, যেসব এলাকায় ব্যালট পেপার হাতে গুনে ফলাফল তৈরি করা হয়েছে, সেসব এলাকার ফলও ইভিএমের চেয়ে দ্রুত এসেছে। এরপর স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও একই অবস্থার সৃষ্টি হয়। এই বাস্তবতায় দ্রুত ফলাফল প্রকাশের ওপর জোর দিয়েছে কমিশন।
রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভোটের ফল দ্রুত প্রকাশ নিশ্চিত করতে হবে। সব কেন্দ্রের সার্বিক ফল অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে প্রকাশ করতে হবে। আর বৈদ্যুতিক বা অন্য কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে ফল প্রকাশ কেন্দ্র করতে না পারলে, ভোট গণনা শেষে তা সড়কপথে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিতে হবে। এ জন্য রংপুর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে যেন কোনো সমস্যা না হয় সেজন্য ব্যাপকসংখ্যক লোকবল নিয়োজিত করা হয়েছে। রাখা হচ্ছে রিজার্ভ কারিগরি টিম। যারা কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে তাত্ক্ষণিক ছুটে যাবেন।
ভোটের ফল তৈরি করবে সফটওয়্যার: এখন থেকে ভোটের ফলাফল প্রস্তুত করা হবে সফটওয়ারের মাধ্যমে। এক্ষেত্রে ব্যবহার করা রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়্যারটি ফলাফল বিশ্লেষণের জন্য এর আগেও ব্যবহার করা হয়েছিল। তবে এটির হালনাগাদ করা হয়েছে। আগে ফলাফল প্রকাশের জন্য হাতে লেখা বার্তাশিট ব্যবহার করা হতো। এখন থেকে এই বার্তাশিট সয়ংক্রিয়ভাবেই তৈরি হবে। গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনেও একই ব্যবস্থা নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কার্যকারিতা পাওয়া যায়নি। রংপুর-৩ আসনের উপনির্বাচনেও সফটওয়্যারভিত্তিক বার্তাশিট তৈরির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।