চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অনশনের কর্মসূচি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে মহাসমাবেশ ও গণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ দাবিতে আগামী ২৫ অক্টোবর মহাসমাবেশ ও ২৬ অক্টোবর গণ অনশন করবেন তারা। গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন করেন তারা। আন্দোলনকারীদের দেওয়া চার দফা দাবির মধ্যে রয়েছে, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা, চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগপ্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিনসহ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।