বরিশালে তিন দফা দাবি
বরিশাল অফিস
বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ, প্রয়োজনীয় নীতিমালার ভিত্তিতে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদান এবং পুলিশের হাতে জব্দকৃত প্রায় ২ কোটি টাকার ব্যাটারি ও মোটর ফেরত পাওয়ার দাবিতে বরিশালে আমরণ অনশন শুরু করেছেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিকরা। ৩ দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনশন কর্মসূচিতে বসেন ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলন হলেও অগ্রভাগে থেকে এই অনশনের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাসদের সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে বলে জানিয়েছেন অনশনকারীরা।
কাউন্টার শ্রমিকদের কর্মবিরতি
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বরিশালে কর্মবিরতি শুরু করেছে দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পানির তিন শতাধিক শ্রমিক-কর্মচারী। বুধবার সকাল ৬টা থেকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে স্ব-স্ব কাউন্টারের সামনে কর্মবিরতি শুরু করেন তারা। এ সময় তারা থেমে থেমে বিক্ষোভ করেন। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
কর্মবিরতির ফলে সকালে বরিশাল নগরী থেকে দূরপাল্লা রুটের কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লা রুটের নিয়মিত যাত্রীরা।
এদিকে কর্মবিরতি শুরুর কয়েক ঘণ্টা পর দূরপাল্লা রুটের কয়েকটি কোম্পানি এরই মধ্যে শ্রমিক-কর্মচারীদের দাবি মেনে নিয়েছে। তবে এখনো কয়েকটি কোম্পানি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা না দেওয়ায় সেসব পরিবহনের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি অব্যাহত রেখেছে। বেতন-ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।