বড়াইগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে নিজ শোবার ঘর থেকে স্বপ্না খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম পৌরসভার কালিবাড়ি মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রায় বছর দেড়েক আগে বড়াইগ্রাম কালিবাড়ি মহল্লার মৃত আরব আলীর ছেলে রাকিবের সঙ্গে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ গ্রামের আব্দুল লতিফের মেয়ে স্বপ্না খাতুনের বিয়ে হয়।

আব্দুল লতিফ দাবি করেন, স্বপ্নার পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই মারপিট করত। মঙ্গলবার রাতেও তারা আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই প্রকৃত কারণ জানা যাবে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।