স্ত্রী ও শিশুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

খুলনা অফিস

খুলনায় রূপসা ব্রিজের ওপর থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে স্ত্রী ও ১৪ মাস বয়সি শিশুপুত্রকে হত্যার দায়ে স্বামী অন্তর হোসেন রমজানকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সরকার পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালের ২৭ জুন রাতে অন্তর হোসেন রমজান তার স্ত্রী তৈয়েবা খাতুন ও ১৪ মাস বয়সি শিশুপুত্র আব্দুর রহিমকে বরিশাল যাওয়ার কথা বলে নগরীর খালিশপুরের লিবার্টি হলের পেছনের ভাড়া বাড়ি থেকে রূপসা নদীর খানজাহান আলী ব্রিজের ওপর নিয়ে আসে।  রাত ৯টার দিকে সে ব্রিজের ওপর থেকে তার স্ত্রী ও স্ত্রীর কোলে থাকা শিশুপুত্রকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ঘটনাস্থলে উপস্থিত জনতা এই সময় রমজানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ রূপসা নদী থেকে নিহত তৈয়েবা খাতুন ও তার ছেলে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত তৈয়েবা খাতুনের মা রাশিদা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যামামলা দায়ের করেন। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষ্য প্রদান করেন।