জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিএনজিসহ বিভিন্ন মামলার ৪ আসামি আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। আটককৃতরা হলো মুক্তাপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে ওয়াসিম আকরাম (১৯), তার ভাই মো. জসিম উদ্দিন (৩০) একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. মিজান মিয়া (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে ১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৪টায় জৈন্তাপুর থানা পুলিশের এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে কানাইঘাট উপজেলার সরুফৌদ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল লতিফের বাড়ি হতে সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া (সদরঘাট) গ্রামের হিফজুর রহমানের ছেলে রাগিবুর রহমানকে (২৭) কানাইঘাট থানা পুলিশের সহায়তায় সিএনজিসহ আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।