রূপগঞ্জে সোয়া কোটি টাকা ও ইয়াবাসহ তিন জন গ্রেফতার

রূপগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ এক কোটি পঁচিশ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় জামাল হোসেন মৃধার নিজ বাড়ি থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দুই জন হলেন মোস্তফা ও মানিক।

গতকাল দুপুরে এসপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, টাকা হুন্ডি করার জন্যই জমা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  এই টাকা কোথা থেকে পেয়েছে জানতে চাইলে কোনো সদুত্তর সে দিতে পারেনি। তিনি বলেন, সে কয়েল ফ্যাক্টরির ব্যবসা করে বলে জানিয়েছে। তার তিনটা ফ্যাক্টরির আইনগত কোনো কাগজ নেই। এতে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্থানীয় কয়েল ব্যবসায়ী জামাল হোসেন মৃধার বাড়িতে এক লাখ পিস ইয়াবার একটি চালান প্রবেশ করবে। এরপর গোয়েন্দা পুলিশ গত মঙ্গলবার বিকেল থেকে ঐ এলাকায় নজরদারি শুরু করে। মধ্য রাত থেকে জামাল হোসেন মৃধার চার তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ট্রাংক থেকে নগদ এক কোটি টাকা এবং আলমারির ভেতর থেকে আরো পঁচিশ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সাথে বাড়িটির নিচ তলায় জামাল হোসেনের ব্যক্তিগত অফিস থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।