দেশের অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করেছে র্যাব। মানি লন্ডারিং ও মাদকদ্রব্য আইনে রাজধানীর গুলশান থানায় মামলা দুটি করা হয়। এছাড়া সেলিমের গুলশানের বাসায় হরিণের চামড়া পাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেলিম প্রধান বর্তমানে কারাগারে রয়েছেন।
গুলশান থানার ডিউটি অফিসার এসআই সাদেক জানিয়েছেন, র্যাব মামলার সব আলামতসহ থানায় জমা দিয়েছে। তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, গতকাল বুধবার সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মানি লন্ডারিং এবং অপরটি মাদকদ্রব্য আইনে। এছাড়া বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মামলায় সেলিম প্রধান ছাড়াও তার দুই সহযোগী আক্তারুজ্জামান ও রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা বলেন, সেলিম প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার আদালতে আবেদন জানানো হতে পারে।