আইনজীবী ও কলেজছাত্রসহ সড়ক দুর্ঘটনায় নিহত চার

আইনজীবী ও কলেজছাত্রসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে পৃথক দুর্ঘটনায় শাহান শাহ (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক আইনজীবী এবং সিএনজি অটোরিকশার নিচে পড়ে মেনু মিয়া (৫৫) নামে আরেক পথচারী নিহত হয়েছেন। আচমিতা এলাকায় পৃথক দুর্ঘটনায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত আট জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া ও আচমিতা নামক স্থানে এ পৃথক দুর্ঘটনা ঘটে। শাহান শাহ কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের ও কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য। মেনু মিয়া একই এলাকার হামিদ ব্যাপারির পুত্র।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : ফুলবাড়ীয়াতে গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের।

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসে চাপায় নাজিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। গতকাল কুমিল্লা-ফেনী পুরাতন সড়কের জেলার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিম জেলার সদর দক্ষিণ উপজেলার বাঁশপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে কুমিল্লা নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।