রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার অর্থ দেওয়া শুরু :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তারা ২ শতাংশ হারে নগদ প্রণোদনার অর্থ পাবেন। পৃথিবীর যেকোনো দেশ থেকে রেমিট্যান্স পাঠানো হোক না কেন তাদের এই প্রণোদনা দেওয়া হবে। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণকে উত্সাহিত করার জন্য ২ শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। তবে বিষয়টি পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে আমাদের একটু সময় লেগেছে। কেননা এজন্য আমাদেরকে একটি সিস্টেম ডেভেলপ করতে হয়েছে। তবে এই ঘোষণা দেওয়ার পর থেকেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল পক্ষ দেশে রেমিট্যান্স প্রেরণকে অগ্রাধিকার দিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। কেউ যদি আজকেই রেমিট্যান্স পাঠায় তাহলে সে ২ শতাংশ হারে প্রণোদনা পাবে।

অর্থমন্ত্রী আরো বলেন, গত তিন মাসে আমরা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করেছি। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণকে উত্সাহিত করার জন্য ২ শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা রাখায় প্রবাসীরা ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছেন। তার প্রমাণ হলো গত তিন মাসে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের তুলনা প্রায় ১৬ শতাংশ বেশি। এখন থেকে ১৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হবে না। এর বেশি হলেই কাগজ দিতে হবে। প্রতি লেনদেন ১৫০০ ডলারের মধ্যে থাকলে দিনে যতবার ইচ্ছা প্রেরণ করতে পারবেন। প্রতি লেনদেনের জন্য ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন। আশা করা যায় এর সুফলে রেমিট্যান্স এবার ১৮-২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।