চুক্তিহীন ব্রেক্সিটই ইইউ ছাড়ার একমাত্র বিকল্প :বরিস

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে বিকল্প ও একমাত্র পন্থা চুক্তিহীন ব্রেক্সিট। গতকাল ম্যানচেস্টারে নিজ দল কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইইউর কাছে তিনি তার প্রস্তাব দেবেন। খবর বিবিসির

প্রধানমন্ত্রী বরিস জনসন আশা প্রকাশ করে বলেন, ইইউ তার প্রস্তাব মানবেন। তবে ইইউ বলছে, তারা প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন। বরিসের সরকার বলছে, তারা ব্রেক্সিট নিয়ে কোনো বিলম্ব করবেন না। কারণ এতে দেশের অর্থ ও সময়ের অপচয় হবে। প্রধানমন্ত্রী বরিস বলেন, সরকার চুক্তিহীন ব্রেক্সিট চাইছে না; কিন্তু প্রয়োজনে সেজন্য প্রস্তুত আছে সরকার। প্রধানমন্ত্রী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ইইউর মধ্যে ব্যাকস্টপ নিয়ে যে সমঝোতা হয়েছিল তাতে ব্রিটেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছিল। এটা গণতন্ত্রবিরোধী এবং অপ্রাসঙ্গিক। এখানে ব্রিটেনের এককভাবে বের হওয়ার কোনো সুযোগ ছিল না; কিন্তু তার প্রস্তাবে এসব বাধা দূর হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী বরিস।