সাভারে অনুমোদনবিহীন ও নকল কয়েল তৈরির একটি কারখানায় গতকাল বুধবার অভিযান পরিচালনা করেছে র?্যাব-৪। এ সময় ঐ কারখানা থেকে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের নকল কয়েল, মোড়ক ও কয়েল তৈরির মালামাল জব্দ করা হয়। নকল কয়েল তৈরির সঙ্গে সম্পৃক্ত থাকায় চার জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে সাভারের দক্ষিণ রাজাশন মহল্লায় অবস্থিত রোকসানা কেমিক্যাল ওয়ার্কস নামক এই কারখানায় এই অভিযান পরিচালনা করে র্যাব। নকল কয়েল তৈরি করায় সাইফুদ্দিন, রুবেল, মিজান ও শেখ ফরিদকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এরপর কারখানাটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ নকল কয়েল ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, রাজধানীর মিরপুর ১ নম্বর কোঅপারেটিভ মার্কেটের একটি গোডাউনে এই নকল কয়েলের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করার পর তার দেওয়া সূত্র ধরে সাভারে নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এখানে জায়গা ভাড়া নিয়ে আনিসুর রহমান নামে এক ব্যক্তি কারখানাটিতে নকল কয়েল তৈরি করে একই কয়েল প্রায় ২০ প্রতিষ্ঠানের নামে মোড়কজাত করে বিক্রি করে আসছিল।
তিনি বলেন, এসব কয়েল মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ঐ কারখানা ও কয়েলের কোনো ধরনের নিবন্ধন কিংবা অনুমোদনও নেই। কারখানার মালিক আনিসুর রহমানকে না পাওয়ায় তাকেসহ আরো যারা এ কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।