দৈনিক ইত্তেফাকে ৩০ সেপ্টেম্বর “অস্তিত্বহীন ‘হাসপাতাল’ দিয়েছে ইন্টার্নির সনদ!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ। ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া হাসপাতালটি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একটি অংশ এবং ইউনানী ও আয়ুর্বেদিক অনুষদের অধীন। ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ইউজিসি’র অনুমোদনক্রমে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউনানী ও আয়ুর্বেদিক অনুষদে ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) প্রোগ্রাম চালু করা হয়। বিইউএমএস এবং বিএএমএস কোর্স ডিগ্রিধারী শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রশিক্ষণ ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া হাসপাতাল ছাড়াও ‘ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক’ এর অঙ্গসংগঠন বারডেম হাসপাতালের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সম্পন্ন করা হয়।
প্রতিবেদকের বক্তব্য
স্বাস্থ্য অধিদপ্তরের সরেজমিন পরিদর্শন প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিবেদনটি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রতিবেদকের কাছে রয়েছে। জনৈক ডা. মুহাম্মদ ইউনুসকে মেডিসিন, গাইনোকোলজি ও সার্জারিতে ইন্টার্নশিপের সনদ দিয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয়। তবে প্রতিবাদপত্রেও উল্লেখিত হাসপাতালে এসব সাবজেক্ট থাকার কথা বলা হয়নি।