আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানব উন্নয়নের সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়নের যোগসূত্রকে নীতিগতভাবে অগ্রাধিকার দিয়েছে। যার সুফল বাংলাদেশ পেতে শুরু করেছে। বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। গতকাল বুধবার সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ফোরামে ‘স্ট্রেংদেনিং পার্টনারশিপ টু ড্রাইভ এশিয়াস ইনফ্রাস্ট্রাকচার ভিশন’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৩ শতাংশে, মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ মার্কিন ডলার ছুঁয়েছে। বর্তমানে সরকার ৩০০ বিলিয়ন টাকার পদ্মা সেতু, ২২ বিলিয়ন টাকার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অনেক ফ্লাইওভার, কয়েক ডজন অর্থনৈতিক অঞ্চল এবং পায়রা সমুদ্রবন্দরসহ অনেক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য তার প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভিশন ২০২১ আঞ্চলিক যোগাযোগকে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরেছে।