দুর্নীতির নামে অভিযান সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যমূলক ---------------রিজভী

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির নামে কথিত অভিযান সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যমূলক।  ফলে গত ১৩ বছরে আওয়ামী লীগের ঝুড়ি থেকে মহাদুর্নীতির বাতাসা নয় বরং যখন বড়ো বড়ো চমচম বের হতে শুরু করেছে তখন সেটির দায় চাপানোর জন্য তারা লন্ডনের রাস্তা খুঁজে বেড়াচ্ছে। খোদ রাজধানীতে গত ১৩ বছর যাবত্ ডজন ডজন ক্যাসিনো গড়েছে যুবলীগ ও তাদের গডফাদাররা, এই সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে দুর্বৃত্তরা টাকার কুমির হয়েছে।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

রিজভী বলেন, আমরা এতদিন বলে আসছিলাম দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী এই তথাকথিত অভিযানের অন্যতম লক্ষ্য বিএনপি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। সেই থলের বিড়ালটা এবার বের করল। সেটাই আওয়ামী মন্ত্রী-নেতারা ব্রিফিংয়ে স্পষ্ট করল।

রিজভী বলেন, ‘ক্যাসিনো কাণ্ডে’ আলোচিত-সমালোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতিকে গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে দোটানায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।