দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধের জন্য এই অভিযান :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের দুর্বৃত্তায়নে রাজনীতি বন্ধের জন্য অভিযান চলছে। যারা ত্যাগের সময়ে ছিলেন, জাতির পিতার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন তারা কখনো দুর্বৃত্তায়নের রাজনীতির সঙ্গে জড়িত হতে পারে না। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, এখন অনেককে দেখা যাচ্ছে, যাদের এরশাদ-জিয়াবিরোধী আন্দোলনের সময় দেখা যায়নি। এরাই রাজনীতির দুর্বৃত্তায়ন। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা আন্দোলন সংগ্রামের সময়ে কোথায় ছিল এমন প্রশ্ন রেখে মোহাম্মদ নাসিম বলেন, এই সকল দুর্নীতিবাজ ডনদের আন্দোলন সংগ্রামের সময় দেখিনি। এরা তখন কোথায় ছিলেন? চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্যও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মদ নাসিম ।

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।