দুই মাস গৃহবন্দি থাকার পরে অবশেষে মুক্তি পেলেন জম্মুর রাজনৈতিক নেতারা। সরকারি সূত্রে জানা গেছে, ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনের কারণে ছাড়া হচ্ছে জম্মুর নেতাদের। জম্মুর নেতারা মুক্তি পেলেও কাশ্মীরি নেতাদের গৃহবন্দি দশা এখনই কাটছে না। সোমবার জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জম্মুতে নির্বাচনের কথা ঘোষণা করেন। এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্যেই মুক্তি দেওয়া হয় দেবেন্দ্র সিংহ, রমন ভাল্লা, চৌধুরীলাল সিংহ, ভিকার রসুল, জাভেদ রানা, সুরজিত্ সিংহ স্থাথিয়া, সাজ্জাদ আহমেদ কিচলুকে। গতকাল সরকারি বিবৃতিতে জানানো হয়, জম্মু এখন অনেকটাই শান্ত হওয়ায় ছাড়া হচ্ছে এই নেতাদের। জম্মুর নেতাদের ছাড়া হলেও কাশ্মীরি নেতাদের কবে ছাড়া হবে এ বিষয়ে বিবৃতিতে কিছু পাওয়া যায়নি। -আনন্দবাজার পত্রিকা