সাতরাস্তায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিন বছরের শিশু আরবী ও তার মা রোকেয়া বেগম। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাত-পা-কোমরে মারাত্মক আঘাত পাওয়া রোকেয়াকে নেওয়া হয়েছে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান বলেন, দুর্ঘটনায় দায়ী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত শিশুটির চাচা সাখাওয়াত হোসেন জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকেন তার ভাই আহসান উল্লাহ। তিনি বিজি প্রেস এলাকায় একটি চা দোকান চালান। মাসখানেক ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছেন। গতকাল রাতে ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে বের হন। তাদের যাওয়ার কথা ছিল গ্রীন রোডের একটি বেসরকারি হাসপাতালে। পথে সাতরাস্তা মোড়ের অদূরে ট্রাকস্ট্যান্ড এলাকায় রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে তারা রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়েন। এ সময় শিশুটির মাথার ওপর দিয়ে চলে যায় ঘাতক ট্রাকের চাকা। রোকেয়ার বাম হাত ও পা ভেঙে যায়। আশেপাশের লোকজনের সহায়তায় আহসান উল্লাহ তাদের উদ্ধার করে ফার্মগেটে আল-রাজি হাসপাতালে নিয়ে যান। সেখানে আফসানা ইসলাম আরবীকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।