তানজীর তুহিন। এদেশের রক গানের অনবদ্য এক শিল্পী। বর্তমানে তার স্থাপত্য পেশা আর নিজের ব্যান্ড আভাস নিয়েই ব্যস্ত রয়েছেন। আভাস ব্যান্ডের মাত্র একটি গানে ৭০ হাজারের ওপরে সাবস্ক্রাইবার ও মিলিয়ন ভিউ অবাক করেছে আভাসের প্রতিটি সদস্যকে। কৃতজ্ঞতা জানিয়েছেন তারা অফিসিয়াল পেজে। যদিও এসব লাইক, ভিউয়ের দৌড়ে তানজীর তুহিন কখনো ছিলেন না বা এখনো নেই। তাই আভাস নিয়ে একাধিক স্টেজ শো আর নতুন গানের রেকর্ডিং প্র্যাকটিস নিয়েই সময় কাটছে তাদের।
সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে আভাসের নতুন একটি গানের লিরিক প্রকাশ করেছেন তুহিন। এরপর থেকেই তাদের অগণিত দর্শক আগ্রহ ও আকুলতা বেড়েছে। তুহিন বলেন, ‘আমাদের ভেতরে সাম্য দরকার। বন্ধুুত্বের ক্ষেত্রে যেটা প্রয়োজন। আভাসের প্রতিটি সদস্য আমরা সেই বিশ্বাসটাকে মনে প্রাণে গেঁথে চলার চেষ্টা করি। নতুন গানের ক্ষেত্রে একটা দারুণ মেসেজ পাবেন, যা এরই ভেতরে লিরিকে আপনারা দেখেছেন।’
এছাড়া দিনযাপনের ক্ষেত্রে নিয়মিত প্র্যাকটিস আর ধানমন্ডির নিজের স্থাপত্যকলার অফিসকে ঘিরেই চলছে দারুণ এক জীবন। সম্প্রতি বন্ধুত্ব নিয়ে অনবদ্য এক স্ট্যাটাস দিয়েছেন তানজীর তুহিন। নতুন গানের আভাস দিয়েই বলেন, ‘আমাদের বেশকিছু সিরিজ প্রজেক্ট রয়েছে। খুব শিগগিরই দর্শক-শ্রোতারা তা জানতে পারবেন।’