সিপিএল

দুই নম্বরে সাকিবদের দল

সাকিব যাওয়ার আগে প্লে-অফ খেলা নিয়েই অনিশ্চয়তায় ছিল বারবাডোজ ট্রাইডেন্টস। সাকিবের স্পর্শেই কিনা টানা দুই ম্যাচে জিতে প্লে-অফ নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে সেই বারবাডোজ। গতকাল তারা ৭ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

আগে ব্যাট করা ত্রিনবাগো দলকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও নতুন বলে বোলিং শুরু করেছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার। নিজের ও ইনিংসের পঞ্চম বলে নিজের বলেই জিমি নিশমের ক্যাচ ধরে ফেরান। এরপর ত্রিনবাগোর ইনিংসটাকে টেনে নিয়ে গেছেন সিমন্স।

কলিন মুনরো ২৩ ও কিয়েরন পোলার্ড ২০ রান করে একটু সঙ্গ দিয়েছেন। আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ৪৫ বলে ৬০ রান করা প্রতিপক্ষের সেরা পারফরমার লিন্ডল সিমন্সকেও বোল্ড করেছেন সাকিব। সবমিলিয়ে ৪ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাশাপাশি গার্নি ও ওয়ালশ দুটি করে উইকেট নিয়েছেন।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বারবাডোজকে ভালো শুরু এনে দেন জনসন চার্লস ও অ্যালেক্স হেলস। চার্লস ৪৭ বলে ৫৫ রান করেন। আর হেলস ২৭ বলে করেন ৩৩ রান। যথারীতি তিন নম্বরে নেমেছিলেন সাকিব। ব্যাট হাতে খুব সুবিধা করতে পারেননি। তিনি ১৪ বলে ১৩ রানের ইনিংস খেলে নিশামের শিকার হন। এরপর বারবাডোজের জয় নিশ্চিত করেন জেপি ডুমিনি ও অ্যাশলি নার্স।