সময়টা এখন বেন স্টোকসের। গত গ্রীষ্মে যেখানে হাত দিয়েছেন, সেখানে সোনা ফলেছে। অথচ এই মৌসুমের আগে নিষেধাজ্ঞায় শেষ হতে বসেছিল ক্যারিয়ার। সেই স্টোকস মৌসুমের শেষে এসে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন এবং নাটকীয়ভাবে অ্যাশেজ ড্র করার নায়ক হয়েছেন। আর এসবের আরেকটা স্বীকৃতি পেলেন এই ইংলিশ অলরাউন্ডার। ইংল্যান্ডের খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) তাকে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে। তিনি ছাড়াও এ বছর মনোনয়ন পেয়েছিলেন রায়ন হিগিন্স, ডমিনিক সিবলি ও শিমরন হার্মার। এই পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে স্টোকস মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসেবে পিসিএ-এর তরুণ ও সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই জেতার রেকর্ড করলেন। এ বছরের তরুণ বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন টম ব্যান্টন।