শিরোপা প্রত্যাশী বার্সেলোনা ও শিরোপাধারী লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে। জোড়া গোল করে ইন্টারমিলান এবং রেডবুল সালজবার্গের বিপক্ষে দল দুটির জয়ে বড়ো অবদান রেখেছেন লুই সুয়ারেজ ও মোহামেদ সালাহ। গেলবারের সেমিফাইনালিস্ট আয়াক্স স্প্যানিশ দল ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড ও চেলসি।
বার্সেলোনা ক্যাম্প ন্যুতে ইন্টারমিলানের বিপক্ষে ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরুতেই গোল হজম করে বসেছিল। দ্বিতীয় মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরা কাতালানদের ত্রাতা হয়ে ওঠেন লুই সুয়ারেজ। ৫৮ মিনিটে বদলি খেলোয়াড় আর্তুরো ভিদালের ক্রস ইন্টার রক্ষণের জটলার একটু বাইরে পেয়ে দারুণ এক ভলিতে জালে পাঠান তিনি।
পুরো ম্যাচে নিষ্প্র্রভ লিওনেল মেসি ৮৪ মিনিটে একটু আলো ছড়ান, তাতেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় বার্সার। মাঝ মাঠের কাছে বল পেয়ে দুই ইন্টার ডিফেন্ডারকে ছিটকে বল ছাড়েন সুয়ারেজের কাছে। সেখানে প্রথম ছোঁয়াতেই বল দারুণভাবে নিয়ন্ত্রণে এনে জয়সূচক গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। গ্রুপের অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহার মাঠ থেকে ২-০ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড।
ইন্টার কোচ আন্তনিও কন্তে পুরো ম্যাচে তার দল দারুণ খেলেও খালি হাতে ফেরায় নিজেদের কিছুটা দুর্ভাগাই মনে করছেন। তিনি বলেন, ‘আমরা যেমন খেলেছিলাম, যেমন সুযোগ তৈরি করেছিলাম তাতে এমন ফলাফল বাজে একটা ছাপ ফেলে যায়। জয় পাবার ক্ষেত্রে আমরা বার্সেলোনা থেকেও বেশি যোগ্য ছিলাম।’
কন্তে অবশ্য প্রতিপক্ষ খেলোয়াড়দের তারিফ করতেও ভুললেন না, ‘দিনশেষে খেলার ফলাফল কিছু দুর্দান্ত খেলোয়াড়ই নির্ধারণ করে দিয়েছে।’
শিরোপাধারী লিভারপুলও নিজেদের মাঠে কঠিন এক রাতই পার করেছে। ‘ই’ গ্রুপের ম্যাচে রেডবুল সালজবার্গের বিপক্ষে ৩৬ মিনিটেই সাদিও মানে, অ্যান্ড্রু রবার্টসনের আর মোহামেদ সালাহর কল্যাণে তিন গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট খোয়ানোর শঙ্কায় পড়েছিল দলটি। ৩৯, ৫৬ আর ৬০ মিনিটে তিনটি গোল শোধ করে সফরকারী সালজবার্গ। তবে এরপরই অল রেডদের ত্রাতা হয়ে আসেন সালাহ। ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-৩ গোলের জয় পায় ক্লপের শিষ্যরা। গ্রুপের অন্য ম্যাচে গেঙ্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ন্যাপোলি।
সালজবার্গের বিপক্ষে এই জয়কে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখছেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু আমি ম্যাচে থাকতেই শিক্ষাটা নিতে চেয়েছি কেন না যদি ম্যাচটা হেরেও যেতাম তাহলেও শিক্ষাটা একই থাকত। এখন ৪-৩ গোলে জিতে গিয়েছি। এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আগেও আমি জানতাম যে আমাদের আরো উন্নতি করতে হবে কিন্তু এখন সম্ভবত সবাই ব্যাপারটা জানে।’
‘এইচ’ গ্রুপের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে আয়াক্স। গোল তিনটি এসেছে হেকিম জিয়েখ, কুইন্সি প্রমেস ও ডনি ভ্যান ডি বিকের পা থেকে। গ্রুপের অপর ম্যাচে ট্যামি আব্রাহাম ও উইলিয়ানের গোলে লিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। এদিকে ‘জি’ গ্রুপে জেনিথ ৩-১ গোলে বেনফিকাকে ও লিপজিগ ২-০ গোলে লিওঁকে হারিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগ
স্লাভিয়া প্রাহা ০-২ বরুসিয়া ডর্টমুন্ড
গেঙ্ক ০-০ ন্যাপোলি
লিভারপুল ৪-৩ রেডবুল সালজবার্গ
লিল ১-২ চেলসি
জেনিথ ৩-১ বেনফিকা
ভ্যালেন্সিয়া ০-৩ আয়াক্স আমস্টারডাম
বার্সেলোনা ২-১ ইন্টার মিলান
লিপজিগ ০-২ লিওঁ