বাংলাদেশ সফরে আসা ভারতীয় নারী ‘এ’ দল মাঠে নামছে আজ। বাংলাদেশ নারী ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত নারী ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
চট্টগ্রামে গত দুই সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ নারী ‘এ’ দল। হেড কোচ অঞ্জু জেইনের তত্ত্বাবধানে হোম সিরিজের জন্য প্রস্তুত হয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ নারী ‘এ’ দলের হয়ে খেলবেন জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার। দলের নেতৃত্ব দেবেন শায়লা শারমিন। রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজাতুল কোবরা, সানজিদা ইসলাম, ফারজানা হক পিংকিরা রয়েছেন এই দলে। তবে দলে রাখা হয়নি সালমা খাতুন, জাহানারা আলমের মতো অভিজ্ঞ কয়েক জন ক্রিকেটারকে।
আজকের ম্যাচের পর রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি অস্ট্রেলিয়ায় যাবেন আইসিসির ডেভলপমেন্ট স্কোয়াডের অংশ হিসেবে। তাদের জায়গায় দলে ঢুকবেন মমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষ্ণা।