ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুলের মেয়েরা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া আসরে ফুটবল শিরোপা পুনরুদ্ধার করেছে। গত আসরে দলটি জাতীয় পর্যায়েও আসতে পারেনি। এবার সুযোগ পেয়েই প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলোকে হারিয়ে কলসুন্দরের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন হলো।
নিজেদের প্রথম খেলায় রাঙ্গামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করে। এরপর একে একে রাজশাহীর সোনাদীঘী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ৪-০ ও গত বুধবার শেষ খেলায় নড়াইল জেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যায়ের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে এ কৃতিত্ব দেখায় দলটি। দুই খেলায় জয়ের সুবাদে ঘাগড়া স্কুল হয়েছে রানার্স আপ। বালকদের ফুটবলে সিলেট জেলার গোয়াইনঘাট কোওর বাজার উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন হয়েছে। স্বাগতিক বকুল অঞ্চলের প্রতিনিধিত্বকারী এ দলটি দিনাজপুর জেলার দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ১-০, বরিশালের ব্যাপ্টিষ্ট মিশন উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ৫-০ এবং ফরিদপুর জেলার নগরকান্দা এম এন একাডেমি মডেল স্কুলের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে এই কৃতিত্ব দেখায়। গত বুধবার সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় শেষ খেলাটি। এই গ্রুপে রানার্স আপ হয়েছে দিনাজপুর জেলার দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। গতকাল আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠ সংলগ্ন জিমনেশিয়াম ভবনে প্রতিযোগিতার সমাপনী দিনে সিলেট বিভাগীয় কমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম, মাউশির উপপরিচালক ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মো. আক্তারুজ্জামান ভুঁঞা, সহসম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।