দাকোপে অধিকাংশ খেয়াঘাটে পাকা ঘাট ও ছাউনি নেই

দাকোপে অধিকাংশ খেয়াঘাটে পাকা ঘাট না থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়ে যাত্রীরা কাদাপানিতে নেমে ভিজে খেয়ার নৌকায় ওঠানামা করছেন। এতে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে নারী যাত্রীদের। তাছাড়া অধিকাংশ ঘাটে যাত্রী ছাউনি না থাকায় নৌকায় ওঠার আগ পর্যন্ত প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে আর বর্ষাকালে ভিজতে হচ্ছে।

আন্তঃজেলা চালনা-কাপাসডাঙ্গা খেয়াঘাটে সালমা, মমতাজ, সালাম, আব্দুর রাজ্জাক ও সঞ্জয় রায়সহ কয়েক যাত্রী জানান, এই ঘাটে কাপাসডাঙ্গার পারঘাট না থাকায় প্রায় সময় যাত্রীদের কাদা ও কোমর পানিতে নেমে খেয়ার নৌকায় ওঠানামা করতে হয়। তাছাড়া যাত্রী ছাউনি না থাকায় অধিকাংশ সময়ে খেয়াঘাটে খোলা আকাশের নিচে রোদে বসে থাকতে হয়, অনেক সময়ে ঝড়বৃষ্টিতেও ভিজতে হয়। তারা অভিযোগ করে বলেন, খেয়া ইজারাদারকে বারবার ঘাট দেওয়া বা অন্য কোনো ব্যবস্থা করার কথা বললেও কাজ হচ্ছে না। তারা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘাটটি নির্মাণের দাবি জানান।

ঐ ঘাটের ইজারাদার এস এম হালিম বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে আমি চালনা পৌর মেয়রের কাছে গিয়েছিলাম এবং ঘাট নির্মাণের বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে কথা দিয়েছেন; কিন্তু কবে নাগাদ ঘাট নির্মাণ হবে তা বলতে পারছি না।

চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সব বিষয়ে ব্যবস্থা নেব।